নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কে বাজার নজরদারির নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান। রমজান ঘিরে কেউ যেন অবৈধভাবে পণ্য মজুদ রাখতে না পারে সেবিষয়ে ও খেয়াল রাখতে বলেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাঙামাটির জেলা বিএনপির আয়োজনে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, আমাদের কে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেবিষয়ে দলের নেতাকর্মীদের বিশেষ নজর রাখতে বলেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাইফুল ইসলাম পনির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আরাফাত রহমান কোকো সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

