মেহেদী হাসানঃ
রাঙামাটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যাম্পল ওষুধ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার অভিযোগে তিনটি ফার্মেসিকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরায়রা আদর।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের মান নিশ্চিত করতে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। অভিযানে হিলকো ড্রাগ সাপ্লাইকে ৮ হাজার টাকা, আব্দুল্লাহ ড্রাগ হাউজকে ৮ হাজার টাকা এবং নির্বতা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যাম্পল ওষুধ এবং বিদেশি মুভ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সহকারী পরিচালক (অতিঃ দাঃ) মাখনূন তাবাসসুম এবং রাঙামাটি কোতয়ালী থানার এসআই মো. মোস্তফা কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই ফার্মেসিগুলোতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি ও অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানায় সংশ্লিষ্টরা।

