মো. কাউছারুল ইসলামঃ
সরকারের সময়োপযোগী ও আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আজ দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সব জনগোষ্ঠীকে নিয়ে একটি বৈষম্যহীন ‘রংধনুর বাংলাদেশ’ (রেইনবো নেশন) গড়তে চান। তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের প্রতি সরকারের বিশেষ মনোযোগ ও আন্তরিকতা রয়েছে।”
বন্যাদুর্গত মানুষের খাদ্য নিরাপত্তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও জানান, আজ থেকেই সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে দুর্গত ও হতদরিদ্র মানুষ অত্যন্ত স্বল্প মূল্যে খাদ্য সহায়তা পাবেন, যা তাঁদের পুনর্বাসনে বড় ভূমিকা রাখবে।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী মহালছড়ির চোংড়াছড়ি, ফাকিজ্জাছড়ি ও মাইসছড়ির বন্যাদুর্গত মানুষের মাঝে সশরীরে উপস্থিত হয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

