নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দের অনূকুলে ২০কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে নানিয়ারচরে ১ হাজার ৭শত পঞ্চাশ পরিবারের মাঝে ৩৫মে. টন খাদ্যশস্য বিতরণ করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে তৃতীয় ধাপে নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৫০টি অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে নানিয়ারচর উপজেলা বিএনপির সহযোগিতায়, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নে তিন ধাপে ২০কেজি হারে মোট ৩৫মে. টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সহযোগীতায় নানিয়ারচরে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, বিএনপি নেতা মো. সানাউল্লাহ, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী, যুবদলের যুগ্ম সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। প্রথম ধাপে ১২মে টন, দ্বিতীয় ধাপে ১২মে টন এবং তৃতীয় ধাপে ১১মে টন সহ মোট ৩৫মে টন চাল বিতরণ করা হয়।

