মো. মহিউদ্দিনঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিজু উপলক্ষে বর্ণাঢ্য বিজু র্যালী ও কাচালং নদীতে ফুল ভাসানোর উৎসবে ভিড় করেছে হাজারো পাহাড়ি জনগোষ্ঠী।
রোববার (১২ এপ্রিল) ভোর থেকে উলুছড়ি ও দুরছড়ি এলাকায় কাচালং নদীতে ফুল দেওয়ার শেষে প্রার্থনা করে ফুল বিজু উৎসবের সূচনা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালী ও ফুল ভাসানোর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বিল্টু চাকমা বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা ভুলে যান, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিজুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ফুল বিজু উপলক্ষে ফুল ভাসানোর উৎসবে বৈসাবি’র শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব। এ বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

