মেহেদী হাসানঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ২৯৯নং আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
সোমবার বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় তিনি বাঘাইছড়ি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তাদের সঙ্গে কথা বলে দুর্ভোগের কথা শোনেন এবং আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, ঢেউটিন ও ত্রাণ বিতরণ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলায় এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অতিরিক্ত আর্থিক চাপের মুখে না পড়ে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
