বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আকস্মিক পাহাড় ধসে ইত্তুকমুয়া চাকমার বসতঘরসহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। পাহাড়ের মাটি ভেঙে আকষ্মিক বসতঘরের ওপর পড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জীব চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে। স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

