নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল।
বুধবার (১৫ জুলাই) বিকেলে লংগদু উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। তারেক রহমান পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে। পার্বত্য অঞ্চলের মানুষের কথা ভেবেই তিনি রঙধনু জাতি গঠন করে সকল জাতি গোষ্ঠীর উন্নয়ন বাস্তবায়ন করবেন। জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে লংগদু উপজেলার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে তিনি বলেন, “নানিয়ারচর–লংগদু সড়কটি দ্রুত সংস্কার করে যান চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
