বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ভুষনছড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভুষনছড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে ভুষনছড়া বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করে বরকল উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি আব্দুল হালিম, সুলতান আহমদ মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক আঃ জলিল,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন, বিএনপি নেতা খলিল ও ইউনিয়ন বি এনপির সভাপতি আইয়ুব আলীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা’। কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

