কামরুল ইসলাম আকাশঃ
রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না। পাশাপাশি পশু-পাখির বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
তিনি আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের মাধ্যমে খামারিরা তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক ক্ষতি কমাতে সক্ষম হবেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, টিকাদান, পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন বলে আশা করছেন প্রশিক্ষণার্থীরা।
এছাড়াও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

