নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং শিক্ষকদের সৌজন্য উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নানিয়ারচর জোনের আওতাধীন দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শিক্ষক-শিক্ষিকাদের হাতে সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন, জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দক্ষ ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে উৎসাহ প্রদান করেন তিনি।
এ সময় লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিল সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

