নানিয়ারচর সংবাদদাতাঃ
নজরুল বর্ষ উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নানিয়ারচরে উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় প্রতিযোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তা সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

