নানিয়ারচর প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে দানোত্তম কঠিন চীবর দান ২০২৬ উপলক্ষে সৌজন্য উপহার নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে নানিয়ারচর জোন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফুরমোন আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভৃগু মহাস্হবির বেইন ঘরের উদ্বোধন করেন। পরে নানিয়ার চর রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধা নন্দ মহাস্থবির ও লংগদুর প্রশান্তি অরন্য কুঠির অধ্যক্ষ শুভপ্রিয় মহাস্হবির ধর্মীয় আলোচনা করেন।
এসময় হাজারো দায়ক দায়িকাগণ বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ধর্মীয় সংগীত পরিবেশন, কল্যাণার্থে মঙ্গল প্রার্থনা ও অতিথি বরণ করেন।
২৮ তম কঠিন চীবর দান উপলক্ষে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. ইকবাল কবির ভূঁইয়া রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান ও বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ঊষা কিরণ চাকমার হাতে সৌজন্য উপহার তুলে দেন।
এ বিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে উদ্যাপনে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয়দের পাশে আছে। স্থানীয় জনগণের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

