নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ এই প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম সরকার।
বক্তব্যে বক্তারা বলেন, দূর্যোগের পূর্ব ও পরবর্তী প্রস্তুতি দূর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারে। প্রাকৃতিক দূর্যোগে আমাদের সচেতন থাকতে হবে। মানবসৃষ্ট দূর্যোগ এড়াতে আমাদের কে প্রকৃতির ক্ষতি সাধন থেকে দূরে থাকতে হবে।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে নানিয়ারচরে প্রাকৃতিক দূর্যোগে নৌকা ডুবির ঘটনায় নিহতের ২ পরিবার কে ২৫ হাজার টাকা হারে ৫০হাজার টাকা ও আহত ৪জন কে ১০হাজার টাকা হারে ৪০হাজার টাকা সহ মোট ৯০হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
নিহত ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান এবং আহত সুকেতু দেওয়ান, আলো শান্তি চাকমা, আপন দেওয়ান ও সৌরভ চাকমার পরিবার কে মানবিক সহায়তা হিসেবে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
এর আগে সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র্যালী বের হয়। র্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

