মাহাদী বিন সুলতানঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রত্যয় বড়ুয়া চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা ২০২৬-২০২৭ এ অংশগ্রহন করে কুমিতে (Kumite) ইভেন্ট-৭৫ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বর্ণপদক লাভ করেন তিনি। এছাড়াও তিনি একক কাতা-৭৫ কেজি ওজন শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার পদক অর্জন করেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এ গৌরবময় অর্জনের জন্য বিজয়ী খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এভাবেই রাবিপ্রবি’র শিক্ষার্থীগণ সাংস্কৃতিক ও একাডেমিক-গবেষণা কার্যক্রমে দেশে-বিদেশে অংশ গ্রহণ করে দেশের ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এ আশা ব্যক্ত করেন । প্রথমবারের মতো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ অর্জন নিসন্দেহে গৌরবের ও আনন্দের, একই সাথে ঐতিহাসিকও । রাবিপ্রবি’র ক্রীড়াঙ্গনের জন্য এটি একটি স্মরণীয় ও গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে অনেক দিন সম্মানের হয়ে থাকবে এবং আরও সামনে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা যোগাবে বলেও যোগ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ পাল, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ম্যানেজার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশ নেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী।
