নিজস্ব প্রতিনিধিঃ
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালু সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক পর্যটন এলাকায় বর্তমানে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালু পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে পর্যটনকেন্দ্রটি বন্ধের নির্দিষ্ট কারণ গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি; শুধু অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু লারমা পক্ষ) সশস্ত্র সদস্যরা এলাকায় অবস্থান করে স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। রোববার সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে সংগঠন দুটি। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়ে। পরে বিকেল ৫টা থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

