আহমদ বিলাল খানঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত এক আলোচনা সভায় অন্যকে ঠকিয়ে সম্পদ অর্জনকে বাহাদুরি মনে করার মানসিকতা পরিহার, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং কোরআন-হাদিসের শিক্ষা ব্যক্তিজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামাদের করণীয় শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইমরানুল হক ভূঁইয়া বলেন, সমাজে একশ্রেণির মানুষ অন্যকে ঠকিয়ে সম্পদ অর্জন কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিল করাকে বাহাদুরি মনে করেন। এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম কখনো চুরি, প্রতারণা, অন্যের অধিকার হরণ কিংবা আমানতের খেয়ানত সমর্থন করে না। সমাজে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ, প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ন করা কিংবা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ইসলামের শিক্ষার পরিপন্থী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সততা, আমানতদারি ও মানবিক আদর্শ অনুসরণ করতে হবে। মুসলিম কিংবা অমুসলিম, সবার প্রতিবেশীর অধিকার রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। নিজেদের কথা ও কাজে যেন কেউ কষ্ট না পায়, সেদিকে সচেতন থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে কারও প্রতি অন্যায় বা দুর্ব্যবহার করার সুযোগ নেই। বরং উত্তম আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।

