মেহেদী হাসানঃ
রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার রোমাঞ্চকর সাঁতার প্রতিযোগিতা-২০২৬। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন অবতরণ ঘাটে।
এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটির দুইজনসহ মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন সাঁতারুরা।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। অন্যদিকে, নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।
প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করা প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে উঠে এসেছে অসংখ্য প্রতিভাবান সাঁতারু। তাঁর বিশ্বাস, একদিন এসব সাঁতারু দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ও গৌরব বয়ে আনবেন।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

