মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না।
সভায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির। এতে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার তাহমিদ সামিন, মহালছড়ি ৬ এপিবিএন এর এডজুটেন্ট অভিজিৎ দাস, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং প্রেসক্লাব সভাপতি দিপক সেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন, মনিটরিং এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
