নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও পলাতক জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, রাঙামাটির রিজার্ভ বাজার আব্দুল আলী একাডেমি এলাকার মাসুদ পারভেজের ছেলে মো. আরমান, শহরের রাঙাপানি এলাকার সমিরন চাকমার ছেলে তোতো চাকমা (ভাষ্কর চাকমা) এবং একই এলাকার জ্ঞানশংকর চাকমার ছেলে ত্রী নয়ন চাকমা। পুলিশ জানায়, তাঁদের মাদকসেবী হিসেবে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শহরের ফিশারিঘাট শান্তিনগর এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে হাফিজুর রহমান এবং কাঠালতলী এলাকার নির্মল কান্তি দাশের ছেলে সুব্রত দাশ (শুভ) কে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রিজার্ভ বাজার ইসলামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ হান্নানকে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

