নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সঙ্গে নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মৌসুমী ফল ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নানিয়ারচরের ফল ব্যবসার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।
জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নানিয়ারচরের কৃষি ও মৌসুমী ফলের বাজার সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় ফলচাষি ও ব্যবসায়ীদের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সেলিম, সদস্য মো. জাহাঙ্গীর ও মো. মিলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

