নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটির সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। কর্মসূচি থেকে সৈকত রঞ্জন চৌধুরীর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তাদের দাবি, গত মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ সুপারের মাধ্যমে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়ার বিষয়টি জানা যায়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সৈকত রঞ্জনের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। একজন পেশাদার সাংবাদিককে এভাবে আটক করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হলে স্বাধীন গণমাধ্যমের চর্চা বাধাগ্রস্ত হতে পারে। তাই সৈকত রঞ্জন চৌধুরীর দ্রুত মুক্তির পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সুজন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি, রাঙামাটি প্রেস ক্লাব, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

