নিজস্ব প্রতিনিধিঃ
যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন, সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি। প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্গত মানুষের পাশে দাড়িয়েছে দলের প্রতিটি নেতাকর্মী। তিনি আরো বলেন, রাঙামাটি সহ পার্বত্য জেলায় সাম্প্রতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার। প্রত্যেক জাতি গোষ্ঠীর মানুষের মাঝে সমানভাবে সহায়তা পৌছানো হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাঙ্গামাটিতে গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে রাঙ্গামাটির ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি রাঙ্গামাটি পৌর এলাকার আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেন এবং দূর্গত মানুষের খোঁজ খবর নেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও এমপির পক্ষ থেকে দূর্গতদের জন্য দেয়া খাবার বিতরণ করেন। দূর্গতদের দুপুরের ভাত, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়।
পরিদর্শনকালে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের প্রতি আহ্বান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যেতে বলছে, তখন কেউ যেন সেটিকে অবহেলা না করেন| অনেক সময় সতর্কবার্তা অমান্য করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তিনি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট, সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি রাঙ্গামাটি শহরের রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওমদামিয়া হিল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন।

