নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসির প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ শাহেদুর রহমান ও লেঃ মুহীব মাসরুর চৌধুরী।
এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর পাশাপাশি শিক্ষা ও খেলাধুলা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে।
বক্তারা আরো বলেন, নানিয়ারচর জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সেনা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
