রাঙামাটি প্রতিনিধি:
দীপেন দেওয়ান-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত রাঙামাটি শহরের রিজার্ভ বাজার সিএনজি স্টেশন এলাকা থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে নতুন বাস স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হলে রাত ৮টার পর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বে ফিরিয়ে আনা প্রয়োজন।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহলের প্ররোচনা ও বিভিন্ন মহলের হস্তক্ষেপের কারণে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের প্রত্যাশা ও স্বার্থ বিবেচনায় দীপেন দেওয়ানকে পুনর্বহাল করার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাবেক পৌর প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম মদন, প্রচার সম্পাদক মোহাম্মদ শফি, জেলা যুবদলের সদস্য আবু তৈয়ব ও মোহাম্মদ সেলিম, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নুর মোহাম্মদ দুখু, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রদল নেতা শরিফ উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন রাজু, কায়সার, হেলিম মিয়া ও মোহাম্মদ টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
