নানিয়ারচর সংবাদদাতাঃ
২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
শনিবার (২ মে) নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি জেলার উপপরিচালক মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ফল ও সবজির জন্য উত্তম কৃষি চর্চা এর ধাপ সমূহ প্রণয়ন ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন সম্প্রসারণ, ধান ব্যাতিত অন্যান্য দানাদার খাদ্য ডাল তৈল ও উদ্যান ফসলের মাধ্যমে ফসল বহুমুখীকরণ এবং নির্দিষ্ট কৃষি পণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কম্পোস্ট সার ব্যবহারের বিকল্প নেই এবং অতিরিক্ত হরমোন প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নানিয়ারচরে উৎপাদিত আনারসসহ বিভিন্ন ফলমূলের গুণগত মান উন্নয়ন করে বিদেশে রপ্তানির সম্ভাবনা নিয়েও কথা বলেন এই কৃষিবিদ।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন মিয়া’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) অরুন চন্দ্র রায়, রাঙামাটি অঞ্চল পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজিজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

