নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাঙামাটির বনরূপা ইসলামিক সেন্টারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পৌরসভার আমীর এডভোকেট মাইনুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক আবু জাফর সাদেক।
পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আমীর আব্দুল আলীম, জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, জেলা সূরা সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রবিউল ইসলাম ও রাঙামাটি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট রহমতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর সাদেক বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই পবিত্র উপলক্ষকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও আহ্বান জানান।
