নিজস্ব প্রতিনিধিঃ
সরকারের পাশাপাশি বেসরকারিভাবে ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থ বা প্রতিহিংসার জায়গা নয়; এটি শুধুমাত্র জনগণের কল্যাণে নিবেদিত থাকার একটি মাধ্যম।
তিনি আরো বলেন, “যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। রাজনীতিতে হিংসা ও প্রতিহিংসার কোনো স্থান নেই।
বুধবার রাঙ্গামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিয়ে আসছেন এবং দলের নেতাকর্মীদেরও একইভাবে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তিনি ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি বিত্তবান ও সমাজের সক্ষম ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। পাশাপাশি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক সকলকে ধন্যবাদ জানান তিনি।
মানবিক ফান্ড রাঙ্গামাটির সভাপতি ইদ্রিছ হাওলাদার-এর সভাপতিত্বে ও মানবিক ফান্ড রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ, উপদেষ্টা সাইফুল ইসলাম শাকিল ও নুরুজ্জামান হাওলাদার ও মোহাম্মদ মাহফুজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
