নিজস্ব প্রতিনিধিঃ
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর সংঘটিত পাকুয়াখালী গণহত্যার বিচার এবং নিহতদের পরিবারের পুনর্বাসনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে “৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ”-এর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী এলাকায় নৃশংস হত্যাকাণ্ডে ৩৫ জন নিরীহ কাঠুরিয়া প্রাণ হারান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনার সুষ্ঠু বিচার এখনো সম্পন্ন হয়নি। ফলে নিহতদের পরিবার আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
এ সময় সংগঠনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে গণহত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য পূর্ণ পুনর্বাসন, আর্থিক সহায়তা ও সরকারি স্বীকৃতির দাবিও জানানো হয়।
এছাড়াও স্মারকলিপিতে নিহতদের পরিবারগুলোকে দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। বিশেষ করে ভুক্তভোগী পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডসহ খাদ্য সহায়তা ও অন্যান্য সরকারি সুবিধার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের সদস্য সোহেল, রাসেল, হাফেজ বখতিয়ার ও ওবায়দুল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বিচার এবং ভিকটিম পরিবারের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

