মো. মহিউদ্দিনঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী কমান্ডার ও হিল ভিডিপিসহ উপজেলা পর্যায়ের মোট ৩১২ জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল, প্রতিজনের জন্য পোলাও চাল ১কেজি, সেমাই (সাধারণ) ২০০গ্রাম (২ প্যাকেট), সেমাই (লাচ্ছা) ২০০গ্রাম (২ প্যাকেট), গুড়া দুধ ২০০গ্রাম, সুজি ৫০০গ্রাম, নুডুলস ৩০০গ্রাম (১ প্যাকেট), চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও ১টি শপিং ব্যাগ।
এসময় প্রধান অতিথি মো. ছোহরাব হোসেন বলেন, “আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্য যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদের আগমুহূর্তে এ ধরনের উদ্যোগে সদস্যরা অত্যন্ত আনন্দিত।”
উপকারভোগী সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে তারা খুবই খুশি।মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আনসার ও ভিডিপি সদস্যরা।

