মোঃ মহিউদ্দিন (বাঘাইছড়ি প্রতিনিধি) :
পার্বত্য অঞ্চলে অবৈধ বনজ সম্পদ পাচার রোধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) নিয়মিত ও কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার হাজীপাড়া এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯ হাজার ৬২৫ টাকা।
বিজিবি সূত্র জানায়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ রিভারঘাট পোস্টের হাবিলদার মোঃ রুস্তম আলীর নেতৃত্বে একটি সুসংগঠিত ও চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবির কার্যকর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রমের ফলেই অবৈধ কাঠ পাচারের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।
অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা অবৈধভাবে কাটা গাছের গুড়ি ও কাঠের টুকরা ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় মোট ৮৩ দশমিক ৮৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার ও আটক করে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, অবৈধ চোরাচালান ও প্রাকৃতিক সম্পদ লুট প্রতিরোধেও দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। চোরাকারবারীরা নানা কৌশলে তৎপরতা বাড়ালেও বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযানের কারণে এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

