মেহেদী হাসানঃ
রাঙামাটি শহরের জেনারেল হাসপাতালের পাশ্ববর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে রাঙামাটি ফায়ার স্টেশন।
শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিকটবর্তী দোকানপাট, মার্কেট ও প্রতিষ্ঠানে গিয়ে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
এসময় তারা আগুন লাগার ঝুঁকি, জরুরি পরিস্থিতিতে করণীয়, অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
গণসংযোগকালে আশপাশের ব্যবসায়ীদের নিকটবর্তী ফায়ার স্টেশনের ফোন নম্বর ও জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে অবগত করা হয়, যেন জরুরি সময়ে দ্রুত যোগাযোগ করা যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নি দুর্ঘটনা মোকাবিলা ও প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ধরণের গণসংযোগ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

