নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফার দাবি আদায়ে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী।
গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর উপজেলা সদরে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী।
নানিয়ারচরে বিলি করা এসব লিফলেটের মাধ্যমে নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল
প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার
দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ ৫দফা দাবি উত্থাপিত করেন।
এসময় নানিয়ারচর উপজেলা সেক্রেটারি মো. আব্দুল কাইয়ুম, নানিয়ারচর সদর ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেন ও অফিস সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

