আহমদ বিলাল খানঃ
রাঙ্গামাটি শহরের একটি প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে সিলিং ফ্যান ও এলইডি বেকাপ লাইট উপহার দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিসে নবদিগন্ত প্লাস কোচিং সেন্টারের জন্য সিলিং ফ্যান ও এলইডি বেকাপ লাইট উপহার তুলে দেন তিনি। এই উপহার গ্রহণ করেন কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ।
দুর্গম পাহাড়ি এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে ভালো ভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির প্রস্তুতি নিতে পারে সে লক্ষ্যে নতুন এই কোচিং সেন্টার টি আগামী ২রা অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে।
জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, এই কোচিং সেন্টারে শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় সে লক্ষ্যে সিলিং ফ্যান ও রাত্রে যাতে ক্লাস চলমান থাকে সে জন্য এলইডি বেকাপ লাইট উপহার দেয়া হয়েছে।
কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ বলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম শহর উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের মুখ উজ্জ্বল করেছেন এই জেলা পরিষদ সদস্য।

