নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য যান্ত্রিক সমিতি কর্তৃক হয়রানি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে এবং শহরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে সিএনজি পার্কিং এ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে নানিয়ারচর অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর ইব্রাহিম মার্কেটে অবস্থিত নানিয়ারচর অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি ও সড়ক অবরোধের ঘোষণা দেন, সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১০ থেকে ১২ বছর যাবৎ আমরা (নানিয়ারচর সিএনজি চালক) রাঙামাটির শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের এর বিপরীতে সিএনজি পার্কিং করে আসছি। নানিয়ারচর অটোরিকশা চালকগণ রাঙামাটি শহরে লোকাল ভাড়া চালায় না এবং শহরে কোনরুপ যানযট সৃষ্টি করে না। আমরা শুধু নানিয়ারচর এলাকার যাত্রী পরিবহন করি।
তিনি আরো বলেন, গত ২৫ আগষ্ট পার্বত্য যান্ত্রিক সমিতি শেভরন এর সামনে গাড়ি পার্কিং করতে বাধা সৃষ্টি করে৷ আমরা তাদের কে জানাই যে আমরা ১০ থেকে ১২ বছর যাবৎ শেভরণ এর বিপরীতে সিএনজি পার্কিং করে আসছি। আমরা শহরে লোকাল ভাড়া চালায় না এবং যানযট সৃষ্টি করি না। তবুও তারা স্থানীয় প্রভাব খাটিয়ে আমাদের সিএনজি নিয়ে যায়। বিষয়টি আমরা ট্রাফিক বিভাগ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের জানাই। পরে ২৮ আগষ্ট রাঙামাটি ট্রাফিক পুলিশের মধ্যস্ততায় আমরা সেখানে একটি বৈঠকে বসি৷
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২৮ আগষ্ট এর ওই বৈঠকে রাঙামাটি সদর থানার অফিসার ইনচার্জ ও ট্রাফিক পুলিশ, নানিয়ারচর অটোরিকশা সমিতি, কুতুকছড়ি অটোরিকশা সমিতি, পার্বত্য যান্ত্রিক সমিতি ও রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সহ ৪সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নানিয়ারচর ও কুতুবছড়ি অটোরিকশা সমিতির চালকদের ভেদভেদি থেকে যাত্রী ওঠা নামার কথা জানায় এবং শেভরনের সামনে কোন সিএনজি পার্কিং করতে পারবে না। কিন্তু আমরা তাতে আপত্তি জানালে রাঙামাটি সদর থানার ওসি আগামী ১০দিন ভেদভেদিতে পার্কিং-এর অনুরোধ জানান।
নানিয়ারচর অটোরিকশা চালক সমিতির সভাপতি আরো জানান, ওই বৈঠকে সকলের সিদ্ধান্ত মেনে আমরা ভেদভেদিতে সিএনজি পার্কিং করে আসছি। কিন্তু বড়ই পরিতাপের বিষয় একদিন যাবৎ রাঙ্গামাটি শহর থেকে নানিয়ারচরে আমরা কোন যাত্রী পাচ্ছিনা। কিন্তু পার্বত্য যান্ত্রিক সমিতি ও রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের চালকরা বনরুপা ও শেভরনের সামনে থেকে নানিয়ারচর সহ বিভিন্ন এলাকায় যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এবং বনরুপা থেকে ১৫টাকা ভাড়া দিয়ে কেউ নানিয়ারচর সিএনজি চালকদের সেবা নিচ্ছেন না। এতে করে নানিয়ারচরের চালকরা খালি সিএনজি নিয়ে ফিরতে হয়। এমতাবস্থায় নানিয়ারচর গত ২রা সেপ্টেম্বর অটোরিকশা চালক সমিতির পক্ষ থেকে ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট একটি লিখিত অভিযোগ জানাই। কিন্তু এখন পর্যন্ত আমরা কোন সুরাহা পাইনি। এতে করে চালকরা খুবই অর্থাভাবে পড়েছে। ফলে তারা আন্দোলনমুখী হয়ে পড়েছে।
এসময় নানিয়ারচর অটোরিকশা চালক সমিতির সভাপতি জানায়, আমরা আজ আমাদের সমিতির বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের এই সমস্যা সমাধানে প্রশাসন যদি কোন সুরাহা না দেয় তবে আগামী ১৭সেপ্টেম্বর (বুধবার) আমাদের কর্মবিরতি থাকবে এবং আমরা রাস্তা অবরোধ করবো।
এদিকে পার্বত্য যান্ত্রিক সমিতির সহ সভাপতি নিরু চাকমা, সাধারণ সম্পাদক রুপধন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অমিত চাকমা স্থানীয় প্রভাব বিস্তার করে তাদের কে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসময় নানিয়ারচর অটোরিকশা চালক সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা ও পরিচালনা কমিটির সদস্য প্রাপন চাকমা সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

