নিজস্ব প্রতিনিধিঃ
শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।
শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করেন, রাউজানের নোয়াপাড়ার ভুল্লাপাড়া থেকে আগত শ্রীশ্রী রাধামুকুন্দ সেবাকুঞ্জ–এর শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ–এর সদস্য বাবু দয়াল দাশ। এতে গেস্ট অব অনার ছিলেন, জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু রাসেল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু হৃদয় দাশের সঞ্চালনায় এসময় রাঙ্গামাটি শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ–এর সাধারণ সম্পাদক বাবু স্বপন কান্তি, আম জনতা দল রাঙ্গামাটি জেলা–এর সভাপতি সুশীল জীবন চাকমা এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসিকা ইশরাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিব চতুর্দ্দশী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এই তিথি আত্মশুদ্ধি, ভক্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। অষ্টপ্রহরব্যাপী এই মহোৎসব কেবল পূজা-অর্চনায় সীমাবদ্ধ নয়; এটি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়, যা সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক গান পরিবেশনে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

