নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের কথিত মাদক সম্রাট জসিম উদ্দিন কে আটক করেছে পুলিশ। জসিম দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে মাদকের কারবার করে আসছে। জসিম মাদক সহ ২২টি মামলার আসামী।
মঙ্গলবার দুপুরে রাঙামাটির ডিসি কার্যালয় এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন, কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন।
এবিষয়ে ওসি জসিম উদ্দিন জানায়, মাদক কার্বারী জসিম রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন অপকর্মে জড়িত জসিম। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সে আত্মগোপনে থেকে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে শহরে। তার বিরুদ্ধে পুলিশি তৎপরতা চলমান ছিল। ওয়ারেন্টভুক্ত জসিম উদ্দিন এর আগেও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে।
মাদকের বিরুদ্ধে রাঙামাটি পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। রাঙামাটির প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

