নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন মিজ্ নাজমা আশরাফী। তিনিই রাঙামাটির ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এর আগে মিজ্ নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পার্বত্য জেলা রাঙামাটিতে নারী জেলা প্রশাসক নিয়োগ দেওয়া নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। স্থানীয়দের অনেকের মতে দেশের সর্ব বৃহৎ এই জেলায় একজন নারী জেলা প্রশাসক কতটুকু সফলতার সাথে দায়িত্ব পালন করবেন তা নিয়ে চিন্তিত তারা। তবে সচেতন মহলের দাবি রাঙামাটিতে নারী জেলা প্রশাসক নিয়োগ এতটা সঙ্কার নয়। কেননা আধুনিক সময়ে পুরুষ জেলা প্রশাসকদের পাশাপাশি প্রশাসনিক কাজে এরই মাঝে দেশের বিভিন্ন জেলায় সফলতার স্বাক্ষর রেখেছেন নারী জেলা প্রশাসকগণ।

