নিজস্ব প্রতিনিধিঃ
শহরের বনরুপা এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা অফিস মিলনায়তনে অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি সদর উপজেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের রাঙামাটি জেলার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল আলীম।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন মুহূর্তে যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে অতিথিরা উপস্থিত সুবিধাভোগীদের হাতে সেমাই, চিনি ও তেল সহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন।
