রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার কতোয়ালী থানাধীন রাঙামাটির রিজার্ভ বাজার ও বিজিবি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারে জড়িত এবং বিভিন্ন মামলার পলাতক আসামি হিসেবে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফারুক (৪৮) ও মোঃ ফজল (৩৬)। উভয়ই রাঙামাটি পৌরসভার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামি হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, রাঙামাটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ অফিসার।

