নিজস্ব প্রতিনিধিঃ
বয়ষ্ক ও দরিদ্র এক পঙ্গু রোগী কে হুইল চেয়ার বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন নানিয়ারচর জোন কমান্ডার।
বুধবার (১ এপ্রিল) সকালে নানিয়ারচর জোন কার্যালয়ের সামনে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় মো. শাজাহান কে এই হুইল চেয়ার বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি।
সেনাবাহিনী জানায়, ইসলামপুর এলাকার স্থানীয় মো. শাজাহান গাছ থেকে পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙ্গে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। বয়সের ভারে লাঠি হাতেও চলাফেরা করতে পারতেন না। বিষয়টি জানার সাথে সাথে জোন কমান্ডার তাকে একটি হুইল চেয়ার বিতরণে উদ্যোগ গ্রহণ করেন। এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান,
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত অসহায় ও দুস্থ জনগণের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
এদিকে এধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
এসময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

