নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও চাল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মহালছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই ঈদ উপহার বিতরণ করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।
বিতরণকালে নির্বাহী কর্মকর্তা সুবিধাভোগী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সরকারের উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের লক্ষ্য তুলে ধরেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দিতে আমরা কাজ করছি। ঈদে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
