বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় অধিক মুনাফার উদ্দেশ্যে এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মারিশ্যা ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এসময় সে ৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় থাকা ৩টি জারিকেন থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক বাজারমূল্য নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন কমান্ডার বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে।
এ প্রেক্ষিতে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করার পাশাপাশি নিয়মিত টহল জোরদার করেছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

