বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকলে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমান পপি বীজ (পোস্তদানা) আটক করেছে।
গত (৪ মার্চ) বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) অধিনায়ক এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ২টি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশী করে এই পপি বীজ আটক করে।
বিজিবি জানায়, ছোটহরিণা হতে আসা রাঙামাটিগামী মালিকবিহীন অবস্থায় বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেইটের সামনে থেকে একটি ইঞ্জিন চালিত বোট সর্বমোট ৩০০০কেজি পপি বীজ (পোস্তদানা – ৬০ কেজি ওজনের ৫০ বস্তা) আটক করা হয়। আটককৃত পোস্তদানার সর্বমোট বাজার মূল্য=১,০৫,০০,০০০/- (এক কোটি পাঁচ লক্ষ) টাকা।
সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘ দিন হতে তিল (গৈইস্যা) ব্যবসার আড়ালে পপি বীজ (পেস্তা) পাচার করে আসছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সাপ্তাহিক বাজারের দিন শত শত বস্তা সাদা ও কালো তিল আসে। এই তিলের বস্তায় বিশেষ কৌশলে প্যাকেট করে পপি বীজ বাজারে নিয়ে আসা হয়। পরে গোডাউনে নিয়ে বস্তা পরিবর্তন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাঙামাটি নিয়ে যাওয়া হয়। দেখতে অনেকটা তিলের সাথে সাদৃশ্য থাকায় সহজে চেনা যায় না। তিল থেকে পপি বীজ আলাদা করার জন্য বিশেষ ধরনের কেমিক্যাল মিশিয়ে গন্ধ পরিবর্তন করা হয় বলেও জানা যায়।
এবিষয়ে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) অধিনায়ক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আটককৃত পপি বীজ ল্যাব টেস্টের মাধ্যমে প্রথমে শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম কাষ্টমস্ অফিসের মাধ্যমে জমা ও ধ্বংসকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় বিজিবি।

