বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বন বিভাগ এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ৩৬নং সাজেক ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে সাজেকের শুকনাছড়া এলাকায় দুষ্কৃতকারী কর্তৃক বন বিভাগের সেগুন বাগান থেকে সেগুন গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়ার প্রাক্কালে অভিযান পরিচালনা করে এসব সেগুন কাঠ জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, ঘটনাস্থল থেকে ১৫২.৭১ ঘন ফুট চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ বায়ান্ন হাজার টাকা। উদ্ধার অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি জানতে পেরে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত সেগুন কাঠ বাঘাইহাট বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের সাথে সমন্বয়ে সেনাবাহিনী এ ধরনের চোরা চালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাঘাইহাট সেনা জোন।

