বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ের বড় হরিনা ইউনিয়নের ত্রিপুরাঘাট এলাকায় ১২বিজিবি ছোট হরিনা জোন এক জনসচেতনতা মুলক সভার আয়োজন করে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)’র দায়িত্বপূর্ণ বড়হরিনা ইউনিয়নের ত্রীপুরাঘাট গ্রামে বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ সারোয়ার হোসেনের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এলাকার জনসাধারণকে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এলাকায় কোন অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙ্গালী ও পাহাড়ীদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হয়। এলাকায় যেন কোন চাঁদাবাজি না হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সবার তথ্য জানানো এবং, ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন।

