নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাঙ্গামাটি নানিয়ারচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা প্রস্তুত রয়েছে। ১৪টি কেন্দ্রে ১৮২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। বাকি সদস্যরা রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন বলে জানিয়েছেন নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সংলগ্ন মাঠে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদুল ইসলাম।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আনসারের স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতিটি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন করে স্বশস্ত্র আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
এসময় উপজেলা প্রশিক্ষক মো. আদিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
