মাহাদী বিন সুলতানঃ
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি (বিইআরসিআর সিএইচটি) প্রকল্পের আওতায় নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায় স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার (BERCR-CHT) জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত মূল অংশীদারদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে নানিয়ারচর উদ্যানতত্ত্ব কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যের স্বাস্থ্য গুণগত মানোন্নয়ন ও সম্প্রদায়ের সহনশীলতা উন্নয়ন, জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও অভিযোজন, জলবায়ু পরিবর্তন, বন সম্পদ, বন্যপ্রাণী নিধন ও উদ্ধার, পরিবেশগত স্থায়িত্ব এবং মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর, রিসোর্স পারসন ও প্রশিক্ষক মংহ্লা ম্যান্ট, জেন্ডার বিষয়ক প্রশিক্ষক রুপা চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা, কাউখালী উপজেলা ফ্যাসিলিটেটর সিসিলি দেওয়ান, জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্য, ভিলেজ কমন ফরেষ্ট কমিটির সদস্য এবং সহ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
