নিজস্ব প্রতিনিধিঃ
“রাঙ্গামাটিতে আগত দেশি-বিদেশি পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করা, যাত্রীদের সঙ্গে সদাচরণ করা, অযথা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা এবং সবসময় পেশাদারিত্ব বজায় রাখতে চালক ও মালিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির পর্যটন খাতকে আরও উন্নত ও টেকসই করার লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরার সভাপতিত্বে ও সবুজ চাকমার সন্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন, সরোয়ার জাহান মিঠু। এছাড়াও অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু ও সহ সমিতির অন্যান্য সদস্য, মালিক এবং চালকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাঙামাটিকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যে হাবিব আজম বলেন, পর্যটনের উন্নয়নে চালক ও মালিকদের আচরণ, দায়িত্ববোধ ও সচেতনতা পর্যটন খাতে সরাসরি প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, চালকদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়া, যাত্রী ও পর্যটকদের যাত্রাপথে ময়লা-আবর্জনা না ফেলতে সচেতন করা এবং রাঙামাটির দর্শনীয় স্থান ও ঐতিহ্য সম্পর্কে পর্যটকদের সঠিক তথ্য দেওয়া জরুরি।
সড়কে নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।
এদিকে এ ধরনের প্রশিক্ষণ চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং রাঙামাটিকে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

