মেহেদী হাসানঃ
পর্যটন নগরী রাঙামাটিতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে শহরের মহসিন ফিলিং স্টেশনে অকটেন সংগ্রহ করতে গিয়ে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় পাম্পটির সামনে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করা হচ্ছে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল না পাওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। অনেকেই জরুরি কাজ ফেলে পাম্পে অবস্থান করেও খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় কার্যক্রমেও। কোথাও কোথাও তেল না থাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে দেখা দিয়েছে খাবার পানির সংকট। পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন—সেচযন্ত্র চালাতে না পারায় ধানক্ষেতে পানি দিতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
স্থানীয়রা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

